বিশেষ প্রতিবেদন :
পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসমাপ্ত কাজগুলো শেষ করতে সরকার নতুন কর্মসূচি গ্রহণ করেছে।
শুক্রবার সকালে লক্ষ্মীপুরের রহমতখালী খালে মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।
মন্ত্রী বলেন, নদীমাতৃক এই দেশে এসব উদ্যোগের মধ্য দিয়ে আমরা নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করতে সক্ষম হবো। দলমত নির্বিশেষে এসব কাজকে অগ্রাধিকার দিলে গ্রামীণ অর্থনীতি চাঙ্গা হবে। এই জাগরণ সৃষ্টির লক্ষ্য নিয়েই সরকার সার্বিক কার্যক্রম অব্যাহত রেখেছে।
তিনি বলেন, নির্বাচনের পর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছেন। এর মধ্যে রয়েছে বৃক্ষরোপণ অভিযান, যার আওতায় আগামী ৫ বছরে সারা দেশে ২৫ কোটি গাছ লাগানোর কর্মসূচি চলমান। এ ছাড়া ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছে, যা আগামী পাঁচ বছরের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। মাছের পোনা অবমুক্তকরণও এই কর্মসূচির অংশ।
তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানও তাঁর জীবদ্দশায় দূরদর্শী চিন্তা থেকে স্বনির্ভর বাংলাদেশ গঠনের লক্ষ্যে খাল খননসহ বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছিলেন। সেগুলো ছিল একটা আন্দোলন, একটা বিপ্লব।
পানিসম্পদ মন্ত্রী বলেন, সরকার গ্রামীণ অবকাঠামো উন্নয়নকে অগ্রাধিকার দিচ্ছে। নৈতিক দায়িত্ববোধ থেকে এসব কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে, যার সঙ্গে পরিবেশের সম্পর্কও জড়িত।