বিশেষ সংবাদ :
(বাগেরহাট প্রতিনিধি: এৃ এ হান্নান)
”সমাজকে সুন্দর, শান্তিময় ও অপরাধমুক্ত রাখতে এবং মানুষের দোলনা থেকে কবর পর্যন্ত সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কমিউনিটি পুলিশিং ব্যবস্থার কোনো বিকল্প নেই,” বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি মো: আলী হোসেন ফকির।
বাগেরহাটে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি ও কিশোর গ্যাং প্রতিরোধের লক্ষ্যে জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত এক বিশাল কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথি প্রাঙ্গণে একটি স্মারক বৃক্ষ রোপণ করেন।
বাগেরহাটের পুলিশ সুপার মো: জামিরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি মো: রেজাউল করিম এবং বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোহাম্মাদ বাতেন।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত আইজিপি মো: আলী হোসেন ফকির আরও উল্লেখ করেন, কেবল পুলিশের একক প্রচেষ্টায় সমাজ থেকে সব ধরনের অপরাধ নির্মূল করা সম্ভব নয়। সাধারণ জনগণ ও পুলিশের যৌথ উদ্যোগ এবং পারস্পরিক আস্থাই পারে একটি নিরাপদ ও সুশাসিত সমাজ গড়ে তুলতে।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে খুলনা রেঞ্জের ডিআইজি মো: রেজাউল করিম, জেলা প্রশাসক গোলাম মোহাম্মাদ বাতেন, বাগেরহাট সরকারি পিসি কলেজের অধ্যক্ষ এবং বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মো: আবু সাইদ (শুনু) সমাজ গঠনে পুলিশের পাশাপাশি জনগণের সক্রিয় ভূমিকার ওপর জোর দেন। এছাড়া বিভিন্ন উপজেলা পুলিশিং কমিটির আহ্বায়ক শেখ সিদ্দিকুর রহমান, এস এম আবদুল্লাহ ও মো: ওহিদুজ্জামানসহ স্থানীয় নেতৃবৃন্দ সমাবেশে বক্তব্য রাখেন।
বক্তারা সমাজ থেকে মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং ও দুর্নীতি চিরতরে নির্মূল করতে দলমত নির্বিশেষে সকলকে পুলিশকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানান। একই সঙ্গে তৃণমূল ও মাঠপর্যায়ে কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।
সমাবেশ শেষে প্রধান অতিথি ও উপস্থিত ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সাংবাদিকদের সঙ্গে এক প্রেস ব্রিফিংয়ে অংশ নেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক বিষয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।