বিশেষ প্রতিবেদন :
অভিযান ০১:
সাভার এলজিইডিতে প্রকল্পের অর্থ আত্মসাৎ ও অনিয়মের অভিযোগে অভিযান।
সাভার উপজেলা এলজিইডির বিভিন্ন উন্নয়ন প্রকল্পে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ঠিকাদারদের সঙ্গে কমিশন গ্রহণ, দরপত্র ও RFQ/PIC প্রক্রিয়ায় অনিয়ম, কাজ না করেই বিল উত্তোলন এবং প্রকল্পের অর্থ আত্মসাৎসহ নানাবিধ অভিযোগের পরিপ্রেক্ষিতে এলজিইডি, সাভার উপজেলা কার্যালয়ে আজ দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-২ হতে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে এনফোর্সমেন্ট টিম অভিযোগসংশ্লিষ্ট সাভার উপজেলার বিভিন্ন সড়ক উন্নয়নকাজের দরপত্র, কার্যাদেশ, কাজের অগ্রগতি প্রতিবেদনসহ প্রয়োজনীয় রেকর্ডপত্র সংগ্রহ করে।
অভিযানে সংগৃহীত তথ্য-উপাত্ত ও রেকর্ডপত্র বিস্তারিত পর্যালোচনাপূর্বক কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে।
অভিযান ০২:
খুলনা সরকারি টিচার্স ট্রেনিং কলেজের প্রশিক্ষণ কার্যক্রমে বানোয়াট বিল ভাউচারে অর্থ আত্মসাৎ ও নানাবিধ অনিয়মের অভিযোগে অভিযান।
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, খুলনার কতিপয় শিক্ষকের বিরুদ্ধে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীন ‘LAISE’ প্রকল্পের আওতায় প্রশিক্ষণ কার্যক্রমের বরাদ্দকৃত অর্থ আত্মসাৎ ও বিভিন্ন অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন (দুদক), সমন্বিত জেলা কার্যালয়, খুলনা থেকে অপর একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে এনফোর্সমেন্ট টিম অভিযোগসংশ্লিষ্ট প্রকল্প গ্রহণের পরিপত্র, প্রশিক্ষণ কার্যক্রমের বাজেট বরাদ্দ ও ব্যয়ের বিবরণী, প্রশিক্ষকদের সম্মানী প্রদানসংক্রান্ত তথ্য এবং চলমান প্রশিক্ষণ কর্মসূচির রেকর্ডপত্রসহ প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করে। সংগৃহীত রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা যায়, প্রশিক্ষণের জন্য প্রয়োজনীয় মালামাল ক্রয়ের ক্ষেত্রে বিভিন্ন দোকান থেকে ফাঁকা ভাউচার সংগ্রহ করে তা নিজেরা পূরণ করে বিল-ভাউচার প্রস্তুত করা হয়েছে। এছাড়া অতিথি বক্তা ও প্রশিক্ষকদের সম্মানী প্রদানেও বিভিন্ন অনিয়মের প্রাথমিক তথ্য পাওয়া যায়।
অভিযানকালে সংগৃহীত রেকর্ডপত্র ও প্রকল্পের বিভিন্ন ব্যয় বিবরণী বিস্তারিতভাবে যাচাই-বাছাই করে এনফোর্সমেন্ট টিম কর্তৃক কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে।
অভিযান ০৩:
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নানাবিধ অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অভিযান।
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা প্রদানে হয়রানি, বিল-ভাউচারের মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ, রোগীদের নিম্নমানের খাবার সরবরাহ, চিকিৎসা যন্ত্রপাতি অকেজো রেখে সেবাব্যাহত করা, মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুদসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন (দুদক), সমন্বিত জেলা কার্যালয়, ঝিনাইদহ থেকে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযোগের সত্যতা যাচাইয়ে এনফোর্সমেন্ট টিম প্রথমে ছদ্মবেশে এবং পরবর্তীতে সরাসরি হাসপাতালে উপস্থিত হয়ে সরেজমিনে পর্যবেক্ষণ করে। এ সময় রোগীদের জন্য সরবরাহকৃত খাবারের নিম্নমান, ওষুধের অপ্রতুলতাসহ বেশ কিছু অনিয়ম পরিলক্ষিত হয়। পরবর্তীতে অন্যান্য অভিযোগের বিষয়ে সেবা গ্রহীতা ও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হয়। পাশাপাশি অভিযোগসংশ্লিষ্ট বিভিন্ন রেকর্ডপত্র সংগ্রহ করা হয়।
অভিযানকালে সংগৃহীত তথ্য-উপাত্ত ও রেকর্ডপত্র বিস্তারিত পর্যালোচনা ও যাচাই-বাছাইপূর্বক কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে।