বিশেষ সংবাদ :
(বাগেরহাট প্রতিনিধি এম এ হান্নান )
শীতের আগমনে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়াতে বাগেরহাট জেলা প্রশাসকের কাছে ৪০৫টি কম্বল হস্তান্তর করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা আশা (ASA)। শীতার্ত মানুষের মাঝে এসব কম্বল বিতরণের মাধ্যমে মানবিক সহায়তা কার্যক্রম আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেনের কাছে কম্বলগুলো হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ম্যাজিস্ট্রেট জয়দেব চক্রবর্তী ও জেলা তথ্য অফিসের উপপরিচালক মাইনুল ইসলাম।
এ সময় আশা’র পক্ষে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট ম্যানেজার মোঃ মজিবর রহমান, সিনিয়র রিজিওনাল ম্যানেজার মোঃ রোকনুজ্জামান, বাগেরহাট সদর-০১ ব্লক ম্যানেজার মোঃ আব্দুল্লাহ আল মামুন, বাগেরহাট এমএসএমই (MSME) ব্লক ম্যানেজার মোঃ আল মামুন, খানজাহান মাজার ব্রাঞ্চ ম্যানেজার অসীম সাহা এবং বাগেরহাট সদর-১ ব্রাঞ্চের লোন অফিসার মোঃ বেলায়েতসহ সংস্থার অন্যান্য কর্মকর্তা।
কম্বল হস্তান্তরকালে জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন বলেন, “শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো একটি মহৎ মানবিক উদ্যোগ। শীতের সময় দরিদ্র মানুষের কষ্ট লাঘবে কম্বল বিতরণ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আশা’র এ উদ্যোগকে স্বাগত জানাই। জেলা প্রশাসনের পক্ষ থেকে শীতার্ত মানুষের সহায়তায় এ ধরনের মানবিক কার্যক্রমে সহযোগিতা অব্যাহত থাকবে।”
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এ উদ্যোগকে স্বাগত জানান। একই সঙ্গে মানবিক সহায়তা কার্যক্রম বাস্তবায়নে জেলা প্রশাসন ও বেসরকারি উন্নয়ন সংস্থার মধ্যে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।