বিশেষ প্রতিবেদন :
গত ১৯/০৯/২০২৬ খ্রিঃ তারিখ সকাল অনুমান ০৬:৪০ ঘটিকার সময় সিএমপি’র কোতোয়ালী থানাধীন পাথরঘাটাস্থ সতীশ বাবু লেইনে মুজিবুর রহমানের ৬ষ্ঠ তলা বিল্ডিংয়ের সামনে একটি অটোরিকশার যাত্রীকে অজ্ঞাত ছিনতাইকারী গতিরোধ করে ছোরার ভয় দেখিয়ে টাকা-পয়সা ছিনিয়ে নিয়ে যায়। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় ছড়িয়ে পড়লে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর গ্রেফতারকৃত আসামী মোঃ সাদ্দাম হোসেন (৪৩) ও তার সহযোগী তাদের ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ করে আত্মগোপনে চলে যায়। তারা বারবার তাদের অবস্থান পরিবর্তন করতে থাকে। এ প্রেক্ষিতে ডিবি (উত্তর-দক্ষিণ) বিভাগের টিম-৩১ ঘটনার মূল জড়িতদের শনাক্ত ও গ্রেফতার করতে কাজ শুরু করে।
পরবর্তীতে গত ২১/০৯/২০২৬ খ্রিঃ তারিখ অনুমান ১৮:২০ ঘটিকার সময় টিম-৩১-এর চৌকস আভিযানিক দল কর্ণফুলী থানাধীন উত্তর শিকলবাহা এলাকা হতে ভাইরাল ভিডিওতে সাদা টি-শার্ট পরিহিত মূল আসামী ০১। মোঃ সাদ্দাম হোসেন (৪৩), পিতা—মোঃ ইউসুফ মিয়া, মাতা—ফাতেমা বেগম, স্ত্রী—নাজমুন নাহার নাজু, স্থায়ী—১: লক্ষ্মীপুর, হুরাবাড়ী, থানা—নবীনগর, জেলা—ব্রাহ্মণবাড়িয়া, বর্তমান স্থায়ী—নাটঘর, জাফর বাড়ী, ডাকঘর—খাড়িয়ালা (৩৪০০), থানা—নবীনগর, জেলা—ব্রাহ্মণবাড়িয়া, বর্তমানে—উত্তর শিকলবাহা, তালতল, থানা—কর্ণফুলী, জেলা—চট্টগ্রামকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামী একজন পেশাদার ছিনতাইকারী দলের সক্রিয় সদস্য। ইতিপূর্বেও ২০২৫ সালে কোতোয়ালী থানাধীন টেরিবাজার এলাকায় একই কায়দায় এক মহিলাকে ছুরিকাঘাত করে স্বর্ণালংকার ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার হয়। আসামীর প্রকাশ্য কোনো জীবিকা নেই। সে এবং তার সহযোগী মাইন উদ্দিন প্রকাশ বান্ডু ছিনতাই করে জীবিকা নির্বাহ করে। আসামী মোঃ সাদ্দাম (৪৩)-এর বিরুদ্ধে ছিনতাই, দস্যুতা, দ্রুত বিচারসহ চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন থানায় ০৯ (নয়)টি মামলা বিচারাধীন আছে।