বিশেষ সংবাদ :
(বাগেরহাট প্রতিনিধি: এম এ হান্নান)
বাগেরহাটে সারের ডিলারশিপ লাইসেন্স প্রদানের তালিকায় অন্যায়ভাবে নাম বাদ দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন মোল্লাহাট উপজেলা জাতীয়তাবাদী ওলামা দলের সভাপতি মাওলানা ইব্রাহিম তালুকদার। আজ বুধবার (২৩ সেপ্টেম্বর ২০২৬) বেলা ১১টায় বাগেরহাট প্রেসক্লাবে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তিনি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, ছাত্রজীবন থেকেই তিনি জাতীয়তাবাদী রাজনীতির সাথে সম্পৃক্ত এবং বিগত সরকারের আমলে বারবার কারাবরণ ও মামলা-হামলার শিকার হয়েছেন। সম্প্রতি জেলার বিভিন্ন উপজেলায় সার ডিলারশিপ লাইসেন্স ইস্যুর কার্যক্রম চলাকালে, তিনি যথাযথ নিয়ম মেনে মোল্লাহাট উপজেলার আটজুড়ী, গাংনী ও কোদালিয়া ইউনিয়নের ওয়ার্ডভিত্তিক ডিলারশিপের জন্য আবেদন জানান।
তিনি অভিযোগ করেন, মোল্লাহাট উপজেলা যাচাই-বাছাই কমিটি কোনো নিয়মনীতির তোয়াক্কা না করে শুরুতেই তার নাম তালিকা থেকে বাদ দেয়। পরবর্তীতে বিষয়টি তিনি বাগেরহাট জেলা প্রশাসককে অবহিত করলে জেলা প্রশাসক তার নাম তালিকায় অন্তর্ভুক্ত করেন।
সংবাদ সম্মেলনে তিনি আরও দাবি করেন, একটি কুচক্রী মহল তার নামে ভুয়া ইউনিয়ন আওয়ামী কমিটির কাগজ তৈরি করে জেলা প্রশাসকের নিকট পাঠায় এবং তাকে অন্যায়ভাবে ‘আওয়ামী ট্যাগ’ লাগিয়ে দেয়। বিষয়টি কোনো প্রকার সঠিক যাচাই-বাছাই না করেই জেলা প্রশাসক তার নাম পুনরায় তালিকা থেকে বাদ দেন, যা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।
মাওলানা ইব্রাহিম তালুকদার এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে ভুয়া কাগজের সত্যতা যাচাইপূর্বক পুনরায় তার নাম সম্ভাব্য লাইসেন্স প্রাপকদের তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান।