বিশেষ প্রতিবেদন :
অদ্য ১৩ অক্টোবর ২০২৬ (মঙ্গলবার) বাংলাদেশ বিমান বাহিনীর এফএম- ৯০ লাইভ মিসাইল ফায়ারিং মহড়া সফলভাবে সম্পন্ন হয়েছে।
বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি কক্সবাজারের নিদানিয়ায় অবস্থিত কক্সবাজার এয়ার ডিফেন্স ফায়ারিং রেঞ্জে (সিএডিএফআর)- এ বিমান বাহিনীর ৩০১ স্যাম ইউনিট কর্তৃক পরিচালিত উক্ত এফএম-৯০ লাইভ মিসাইল ফায়ারিং মহড়া পরিদর্শন করেন। পরিদর্শনকালে, তিনি লাইভ মিসাইল ফায়ারিং কার্যক্রমের সার্বিক অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন এবং মহড়ার সফল কার্যক্রম সরেজমিনে প্রত্যক্ষ করেন। তিনি মহড়া সফলভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সকল কর্মকর্তাবৃন্দ ও সদস্যদের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে ও এই পেশাদারিত্ব ধরে রাখার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এসময়, বিমান বাহিনী প্রধান বাংলাদেশ বিমান বাহিনীতে আধুনিক যুদ্ধবিমান ও উন্নত প্রযুক্তির সরঞ্জামাদি সংযোজনের কার্যক্রম চলমান রয়েছে বলে উল্লেখ করেন। পাশাপাশি, তিনি বিমান বাহিনীর সদস্যদের নিজস্ব সক্ষমতা বৃদ্ধি এবং আধুনিক প্রযুক্তির কার্যকর প্রয়োগ নিশ্চিতকরণে প্রয়োজনীয় প্রশিক্ষণের ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করেন।
উল্লেখ্য যে, মহড়া পরিদর্শনকালে সহকারী বিমান বাহিনী প্রধান (রক্ষণাবেক্ষণ), বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজারের এয়ার অধিনায়ক, ১০ পদাতিক ডিভিশনের জিওসি, নৌবাহিনী, বিজিবি, পুলিশসহ বিমান সদরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, ঘাঁটির সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন পদবীর সদস্যগণ উপস্থিত ছিলেন।