বিশেষ সংবাদ :
(বায়েজীদ ইসলাম জয়, সিংড়া (নাটোর) প্রতিনিধি)
‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের সিংড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) দিবসটি উপলক্ষে সিংড়া দমদমা পাইলট স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে অগ্নিকাণ্ড, ভূমিকম্পসহ বিভিন্ন দুর্যোগ মোকাবিলায় উদ্ধার ও সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, সিংড়া, নাটোরের আয়োজনে এ কর্মসূচিতে দুর্যোগের ঝুঁকি হ্রাস, আগাম প্রস্তুতি এবং জরুরি পরিস্থিতিতে করণীয় সম্পর্কে সচেতনতা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়।
মহড়ায় অগ্নিকাণ্ডের সময় আগুন নিয়ন্ত্রণ, অগ্নিনির্বাপণ সরঞ্জামের ব্যবহার, আগুনে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার এবং নিরাপদে আহতদের সরিয়ে নেওয়ার বিভিন্ন কৌশল প্রদর্শন করা হয়। পাশাপাশি ভূমিকম্পের সময় করণীয়, ঝুঁকিপূর্ণ স্থান থেকে নিরাপদে বেরিয়ে আসা, ধ্বংসস্তূপে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারের প্রক্রিয়া এবং জরুরি পরিস্থিতিতে উদ্ধারকাজ পরিচালনার বিভিন্ন দিক তুলে ধরা হয়।
এ ছাড়া দুর্যোগের সময় আতঙ্কিত না হয়ে কীভাবে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে, কীভাবে নিরাপদ স্থানে আশ্রয় নিতে হবে এবং উদ্ধারকারী দলের নির্দেশনা অনুসরণ করতে হবে—এসব বিষয়ে উপস্থিত ব্যক্তিদের সচেতন করা হয়। বাস্তব পরিস্থিতির আদলে পরিচালিত এ মহড়ার মাধ্যমে দুর্যোগ মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি ও প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিঠুন কুমার, উপজেলা বিএনপির সদস্যসচিব শারফুল ইসলাম বুলবুল, সংসদ সদস্যের প্রতিনিধি মিলন মাস্টার, সিংড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সিংড়া প্রেস ক্লাবের সভাপতি মোল্লা এমরান আলী রানা, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সাইফুল ইসলাম, সিংড়া স্মার্ট প্রেস ক্লাবের সহ-সভাপতি বাবুল আক্তার, মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি রবিন খান, সিংড়া স্মার্ট প্রেস ক্লাবের প্রচার ও প্রকাশনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত বায়েজীদ ইসলাম জয় এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
বক্তারা বলেন, দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি, প্রশিক্ষণ ও জনসচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে অগ্নিকাণ্ড ও ভূমিকম্পের মতো দুর্যোগে তাৎক্ষণিকভাবে সঠিক পদক্ষেপ নিতে পারলে প্রাণহানি ও সম্পদের ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব। এ জন্য শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন পর্যায়ে নিয়মিত মহড়া আয়োজন এবং সাধারণ মানুষকে দুর্যোগ মোকাবিলার কৌশল সম্পর্কে প্রশিক্ষিত করা প্রয়োজন।
তাঁরা আরও বলেন, দুর্যোগ মোকাবিলা শুধু প্রশাসন বা উদ্ধারকারী সংস্থার দায়িত্ব নয়; এ ক্ষেত্রে ব্যক্তি, পরিবার ও সমাজের প্রত্যেকের সচেতন ভূমিকা রয়েছে। বাড়ি থেকেই দুর্যোগের প্রস্তুতি শুরু করতে হবে এবং জরুরি পরিস্থিতিতে করণীয় সম্পর্কে সবাইকে জানতে হবে।
উল্লেখ্য, আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের মূল লক্ষ্য হলো দুর্যোগের ঝুঁকি ও ক্ষয়ক্ষতি কমাতে সচেতনতা বৃদ্ধি, প্রস্তুতি জোরদার এবং দুর্যোগসহনশীল সমাজ গড়ে তোলা। সিংড়ায় আয়োজিত এ মহড়ার মাধ্যমে দুর্যোগ মোকাবিলায় বাস্তবভিত্তিক প্রস্তুতি ও সচেতনতার গুরুত্ব তুলে ধরা হয়।