বিশেষ সংবাদ :
(রূপগঞ্জ প্রতিনিধি)
নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলায় পাঠাও কর্মীর এক যুবককে পথরোধ করে মারধর ও আটকে রেখে ৪০ হাজার টাকাসহ সাথে থাকা মালামাল ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে ।
গত ২১ আগষ্ট রাতের ঘটনায় ২৪ আগষ্ট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
ভুক্তভোগী মো. শাকিল হোসেন (২৫) জানান,
গত ২১ আগস্ট রাত সাড়ে ১১টার দিকে হারিন্দা থেকে বাড়ি ফেরার পথে কাঞ্চন ব্রিজের নিচের নির্জন সড়কে পথরোধ করেন ব্রাহ্মণখালী এলাকার আফজাল (৩০), ইকবাল (২৫) ও অজ্ঞাত আরও দুই ব্যক্তি। পরে তাকে জোর করে পাশের একটি বাড়িতে আটকে রাখে।
এ সময় তাকে এলোপাতাড়িভাবে কিল-ঘুষি, লাথি ও লোহার রড দিয়ে মারধর করে গুরুতর আহত করে।
জোরপূর্বক তার সঙ্গে থাকা ৪০ হাজার টাকা এবং প্রায় ১০ হাজার টাকা মূল্যের একটি বিদেশি ঘড়ি নিয়ে নেয় বলেও অভিযোগ করেন তিনি।
পরে তার বড় ভাইয়ের কাছ থেকে বিকাশে ৪০ হাজার টাকা গ্রহণের পর ছেড়ে দেয়া হয়। অভিযোগকারীর ধারণা, বিকাশের দোকান থেকেই তাকে অনুসরণ করা হয়ে থাকতে পারে।
এ সময় ঘটনার বিষয়টি কাউকে জানালে বা মামলা করলে প্রাণে মেরে ফেলার হুমকি দামকি দিযে ছিনতাইকারিরা চলে যায়।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা নিতে রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। তবে অভিযুক্তের বক্তব্য পাওয়া যায়নি।
এ ঘটনায় রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাহউদ্দিন মিয়া বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।