বিশেষ সংবাদ :
(বাগেরহাট প্রতিনিধি: এম এ হান্নান)
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বাগেরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পৌর ও সদর উপজেলা বিএনপি। বৃহস্পতিবার বিকেলে শহরের শালতলা মোড় থেকে মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরবর্তীতে অনুষ্ঠিত সমাবেশে জেলা বিএনপির সদস্য সচিব মোজাফ্ফর রহমান আলম বলেন, পরাজিত শক্তির ইশারায় একটি মহল দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির চক্রান্ত করছে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা ও দেশের অগ্রযাত্রা রক্ষায় বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে সব ষড়যন্ত্র রাজপথেই মোকাবিলা করবে।
পৌর বিএনপির সভাপতি শেখ শাহেদ আলী রবি বলেন, বিএনপির মূল শক্তি জনগণ। এই শক্তির ওপর ভর করেই বিএনপি সব অপচেষ্টা প্রতিরোধ করবে।
সমাবেশে আরও বক্তব্য দেন জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সুজন মোল্লা। এ সময় সদর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ নাসির আহম্মেদ মালেক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ ওবায়দুল ইসলাম জুয়েলসহ জেলা ও স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।