বিশেষ প্রতিবেদন :
অভিযান ০১:
দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের টিওয়ানএসএইটডি (T1NS8D) সেচ খালের বাঁধ পুনর্বাসন ও শক্তিশালীকরণ কাজে নিয়োজিত ঠিকাদারের বিরুদ্ধে প্রকল্পের নির্ধারিত শর্ত লঙ্ঘন, বাইরে থেকে মাটি সংগ্রহ না করে খালের পাশের ফসলি জমি কেটে বাঁধ নির্মাণ, নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার এবং নির্ধারিত কাজের মান ও শর্ত অনুসরণ না করে সরকারি অর্থ ব্যয়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, জেলা কার্যালয়, দিনাজপুর থেকে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে এনফোর্সমেন্ট টিম পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে নিয়ে প্রকল্পের আওতাধীন সেচ খালের বাঁধ নির্মাণকাজ সরেজমিনে পরিদর্শন করে এবং স্থানীয় জনগণের সঙ্গে কথা বলে। পরিদর্শনকালে প্রকল্পের নির্মাণকাজ চলমান অবস্থায় পাওয়া যায়। তবে নির্মাণাধীন সেচ খালের নিকটবর্তী ফসলি জমি থেকে মাটি কাটার চিহ্ন পরিলক্ষিত হয়। যা প্রকল্পের নির্ধারিত শর্ত লঙ্ঘন করে বলে প্রতীয়মান হয়। এছাড়া, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর কার্যালয় থেকে প্রকল্পসংশ্লিষ্ট প্রয়োজনীয় রেকর্ডপত্র সংগ্রহ করা হয়। সংগৃহীত রেকর্ডপত্র ও তথ্য-উপাত্ত বিস্তারিত পর্যালোচনাপূর্বক এ বিষয়ে কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে।
অভিযান ০২:
ফরিদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাসেবা প্রদানে হয়রানি, চিকিৎসকদের যথাসময়ে উপস্থিত না থাকা, নির্ধারিত মূল্যের অতিরিক্ত অর্থে টিকিট বিক্রি এবং অন্যান্য অনিয়মের অভিযোগে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, ফরিদপুর থেকে অপর একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে এনফোর্সমেন্ট টিমের সদস্যরা ছদ্মবেশে হাসপাতালের বিভিন্ন ইউনিটের চিকিৎসাসেবা পর্যবেক্ষণ করেন। এ সময় বিপুলসংখ্যক রোগীর উপস্থিতি থাকলেও চিকিৎসকদের উপস্থিতি তুলনামূলকভাবে কম পাওয়া যায় এবং তাঁদের নির্ধারিত সময়ের পর হাসপাতালে আসার বিষয়টি প্রতীয়মান হয়। পরবর্তীতে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসারের উপস্থিতিতে বিভিন্ন বিভাগ পরিদর্শন করা হয়। এ সময় ডেন্টাল বিভাগের একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট কর্তৃক সেবাগ্রহীতাকে ব্যক্তিগত চেম্বারে চিকিৎসা গ্রহণে প্রলুব্ধ করার অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায়। এছাড়া, বহির্বিভাগে নির্ধারিত অতিরিক্ত টাকা আদায় এবং হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও রোগীদের খাবার সরবরাহে অনিয়ম পরিলক্ষিত হয়। অভিযানকালে হাসপাতালের মালামাল ও ওষুধ ক্রয়সংক্রান্ত নথিপত্র সংগ্রহ করা হয়। সংগৃহীত রেকর্ডপত্র ও তথ্য-উপাত্ত পর্যালোচনাপূর্বক কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে।
অভিযান ০৩:
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে-তে যানবাহন চলাচলের প্রকৃত সংখ্যা গোপন করে টোল আদায়ের অর্থ আত্মসাৎ এবং সরকারকে প্রাপ্য রাজস্ব থেকে বঞ্চিত করার অভিযোগের পরিপ্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, প্রধান কার্যালয় থেকে অপর একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে এনফোর্সমেন্ট টিম তেজগাঁও ও কুড়িল টোল প্লাজা সরেজমিনে পরিদর্শন করে। এ সময় টোল আদায়ের পদ্ধতি, যানবাহন গণনা কার্যক্রম এবং সংশ্লিষ্ট ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করা হয়। পাশাপাশি অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট তথ্য-উপাত্ত ও রেকর্ডপত্র সংগ্রহ করা হয়। প্রাথমিক পরিদর্শনে টোল প্লাজাগুলোতে যানবাহনের প্রকৃত সংখ্যা নিরূপণ এবং টোল আদায় কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ক্ষেত্রে ঘাটতি রয়েছে বলে টিমের নিকট প্রতীয়মান হয়। এ ছাড়া, উপরের উল্লিখিত বিষয়গুলো অধিকতর যাচাইয়ের লক্ষ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রয়োজনীয় রেকর্ডপত্র সংগ্রহ করা হয়। সংগৃহীত তথ্য-উপাত্ত ও রেকর্ডপত্র বিস্তারিত পর্যালোচনা ও বিশ্লেষণপূর্বক কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে।
অভিযান ০৪:
বাগেরহাটের রামপাল উপজেলার গাবতলা ও সগুনা গ্রামের মধ্যবর্তী খালের ওপর এলজিইডি কর্তৃক নির্মাণাধীন ব্রিজে ঠিকাদার ও প্রকল্পসংশ্লিষ্টদের বিরুদ্ধে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগে দুর্নীতি দমন কমিশন, জেলা কার্যালয়, বাগেরহাট থেকে অপর একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে এনফোর্সমেন্ট টিম সরেজমিনে সেতুটি পরিদর্শন করে। পরিদর্শনে সেতুর মূল কাঠামো, ফুট স্লাব ও উইংয়ের ঢালাই সম্পন্ন অবস্থায় পাওয়া যায়। তবে সেতুর সংযোগ সড়কের মাটি খননের কাজ চলমান থাকতে দেখা যায়। পরবর্তীতে RHD বিভাগের একজন নিরপেক্ষ প্রকৌশলীসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে সেতুর বিভিন্ন অংশের পরিমাপ গ্রহণ করা হয়। এছাড়া নির্মাণকাজের গুণগত মান যাচাইয়ের লক্ষ্যে সেতুর বিভিন্ন অংশ থেকে কোর নমুনা সংগ্রহ করা হয়, যা পরীক্ষাগারে পরীক্ষা করা হবে। অভিযানকালে সংগৃহীত প্রকল্প সংশ্লিষ্ট রেকর্ডপত্র, কোর নমুনা পরীক্ষার ফলাফল এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্য-উপাত্ত পর্যালোচনা করে কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে।