বিশেষ সংবাদ :
(নজরুল ইসলাম লিখন, রূপগঞ্জ)
যোগ দিলেন নতুন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা। রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুই শতাধিক কর্মকর্তা-কর্মচারীর বকেয়া বেতন-ভাতা পরিশোধ করা হয়েছে। একই সঙ্গে স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা যোগদান করায় দীর্ঘদিনের প্রশাসনিক জটিলতারও অবসান হয়েছে।
সোমবার (২০জুলাই) বিকেলে নবনিযুক্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানসিভ জুবায়ের নাদিম বিষয়টি নিশ্চিত করেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২০ মে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আইভি ফেরদৌস পদোন্নতি পেয়ে বদলি হয়ে চলে যান। পরে সহকারী অধ্যাপক (মেডিসিন) ডা. বাদল কুমার সাহাকে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব দেয়া হয়।
কিন্তু হাসপাতালের আর্থিক বিষয়ে ক্ষমতা নেই দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বাদল কুমার সাহার। এ কারণে চলতি বছরের জুন মাসের বেতন পাননি ৫০ শয্যার এই স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীরা। চলতি মাসের বেতন পাওয়ার নিয়েও শঙ্কা ছিল।
এ নিয়ে চলতি মাসের ৮ জুলাই ‘রূপগঞ্জে দুই শতাধিক কর্মকর্তা-কর্মচারীর বেতন-ভাতা বন্ধ’ শিরোনামে জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশ হয়। এর চারদিন পর রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রায় দুই শতাধিক কর্মকর্তা ও কর্মচারীর বকেয়া বেতন ভাতা পরিশোধ করা হয়।
পরিসংখ্যানবিদ মশিউর রহমান বলেন, যিনি ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্বরত ছিলেন উনার ডিডিওশিপ নেই। ডিডিওশিপ (আর্থিক ক্ষমতা) না থাকায় স্বাস্থ্য কমপ্লেক্সের দুই শতাধিক কর্মকর্তা কর্মচারীর বেতন বন্ধ ছিল। এ নিয়ে পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর সোমবার (২০ জুলাই) ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিশেষ ব্যবস্থার মাধ্যম স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা পরিশোধ করেন। এ নিউজের ফলশ্রুতিতেই দ্রুত সময়ের ভিতরেই রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোববার (১৯ জুলাই) নতুন কর্মকর্তা যোগদান করেছেন। এতে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।
নবনিযুক্ত স্বাস্থ্য কর্মকর্তা ডা. তানসিভ জুবায়ের নাদিম বলেন, আজ আমি দায়িত্ব গ্রহণ করেছি। কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মান আরও উন্নত করতে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করব। জনগণ যেন নির্বিঘ্নে স্বাস্থ্যসেবা পান, সেটিই হবে আমার প্রধান কাজ।