বিশেষ প্রতিবেদন :
মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক দায়িত্ব পালনের আনুষ্ঠানিক যাত্রা শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)।
রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে নির্ধারিত রাষ্ট্রীয় কর্মসূচি অনুযায়ী জাতীয় স্মৃতিসৌধে পৌঁছে তিনি প্রথমে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। এ সময় তিন বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম প্রদান করে এবং বিউগলে করুণ সুর বেজে ওঠে।
পরে তিনি স্মৃতিসৌধ প্রাঙ্গণে সংরক্ষিত দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন এবং শহীদদের আত্মার মাগফিরাত ও দেশের শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন।
দুপুর সাড়ে ১২টায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) রাজধানীর জিয়া উদ্যানে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানান।