বিশেষ সংবাদ :
(রূপগঞ্জ প্রতিনিধি)
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কুদুর মার্কেট থেকে হারিন্দা গাবতলী এলাকা পর্যন্ত ২ কিলোমিটার সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
৮ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে এ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসক নুরুন্নবী ভুঁইয়া।
এ সময় উপস্থিত ছিলেন- রূপগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী বাছির উদ্দিন বাচ্চু, রূপগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক জিন্নত আলী, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক যুগ্ন সম্পাদক সালাহউদ্দিন দেওয়ান, ইউপি সদস্য মামুন ভুঁইয়া, মোবারক হোসেন, একে বাবু প্রমুখ।
সড়ক উদ্বোধনকালে নুরুন্নবী ভুঁইয়া বলেন, নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুর প্রচেষ্টায় রূপগঞ্জ ইউনিয়নের প্রতিটি এলাকায় উন্নয়ন কাজ চলমান রয়েছে।
গত ৬ মাসে প্রায় ২৫টি রাস্তার কাজ সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন পরে হলেও কুদুর মার্কেট থেকে হারিন্দা পর্যন্ত দুই কিলোমিটার সড়ক নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে।
এ সড়ক নির্মাণে ২ কোটি ৯২ লাখ টাকা ব্যয় হবে। সড়কটি সিসি ঢালাইসহ পাকা ও মজবুত সড়ক নির্মাণ করা হবে। এ সড়ক নির্মাণ হলে পাঁচ গ্রামের প্রায় ১৪ হাজার মানুষ চলাচল করতে পারবে।
এ সড়ক পথে একটি উচ্চ বিদ্যালয়, ২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, একাধিক মাদ্রাসা ও কিন্ডারগার্টেন রয়েছে। আগামী এক বছরের মধ্যে রূপগঞ্জ ইউনিয়নের সকল রাস্তাঘাট সংস্কার, মেরামত ও নির্মাণ কাজ সম্পন্ন করা হবে। ইতিমধ্যে রূপগঞ্জ ইউনিয়নকে মাদক ও সন্ত্রাসমুক্ত করতে কাজ শুরু করা হয়েছে।
রূপগঞ্জ উপজেলা প্রকৌশলী আকতার হোসেন জানান, কুদুর মার্কেট-হারিন্দা সড়ক নির্মাণে প্রায় ৩ কোটি টাকা ব্যয় হবে। এ সড়ক নির্মাণ হলে ওই এলাকার ১৪ হাজার মানুষের যাতায়াতে দুর্ভোগ থাকবে না।