বিশেষ সংবাদ :
(বাগেরহাট প্রতিনিধি: এম এ হান্নান)
বাগেরহাটের রামপাল উপজেলার মল্লিকেরবেড় ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সোহেল খানকে হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসী হামলা, টাকা ও মোবাইল ছিনতাইয়ের প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। একই সাথে হামলায় জড়িত চিহ্নিত সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় বাগেরহাট প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আহত বিএনপি নেতার স্ত্রী জাহানারা বেগম।
লিখিত বক্তব্যে তিনি জানান, রোববার সকালে রামপাল উপজেলা কার্যালয়ে ভাইয়ের ক্যান্সার চিকিৎসার ফরম জমা দিতে যান সোহেল খান। কাজ শেষে বেলা ১টার দিকে বাড়ি ফেরার পথে গিলাতলা বাজারে পৌঁছালে পূর্ব থেকে ওত পেতে থাকা স্থানীয় চিহ্নিত সন্ত্রাসী পলাশ ফকির, জুবায়ের মল্লিক, রনি মীর, ইমরান ও রাজুসহ ১০-১২ জনের একটি সন্ত্রাসী দল তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা সোহেল খানকে টেনে-হিঁচড়ে পাশের একটি বাগানে নিয়ে যায় এবং গলায় ছুরি ধরে সঙ্গে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে তাকে বেধড়ক মারধর ও কুপিয়ে গুরুতর জখম করে।
জাহানারা বেগম আরও অভিযোগ করেন, অভিযুক্তরা এলাকায় দীর্ঘদিন ধরে মাদক কারবার, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং প্রবাহমান খাল দখলের অপচেষ্টা চালিয়ে আসছে। খবর পেয়ে রামপাল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মারাত্মক আহত অবস্থায় সোহেল খানকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করে। পুলিশ উদ্ধার করতে গেলে সন্ত্রাসীরা রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকেও (ওসি) হুমকি-ধামকি দেয় বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
সংবাদ সম্মেলনে দাবি করা হয়, এই ঘটনার পেছনে উপজেলার কয়েকজন প্রভাবশালী ব্যক্তির ইন্ধন রয়েছে। বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে পরিবারটি। অবিলম্বে ঘটনার সাথে জড়িত সব আসামিকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান তারা।
সংবাদ সম্মেলনে মো. তরিকুল ইসলাম, জাহিদুল হাওলাদার, চান মিয়া, মো. বাবলু হাওলাদারসহ এলাকার অন্যান্য অধিবাসী উপস্থিত ছিলেন।