বিশেষ প্রতিবেদন :
(বায়েজীদ ইসলাম জয়, সিংড়া (নাটোর) প্রতিনিধি)
নাটোরের সিংড়া উপজেলার লালোর ইউনিয়নের খেজুরতলা এলাকায় আবাদি জমিতে অবৈধভাবে পুকুর খননের দায়ে মো. তাছের উদ্দীন নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১৯ জুলাই) দুপুর আড়াইটার দিকে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত আনজুমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খেজুরতলা এলাকায় অভিযান চালিয়ে দেখা যায়, অনুমোদন ছাড়াই কৃষিজমিতে পুকুর খনন করা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়ায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫ ধারায় মো. তাছের উদ্দীনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত আনজুম বলেন, “কৃষিজমি রক্ষায় অবৈধভাবে পুকুর খননের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। কৃষিজমি নষ্ট করে কেউ যেন অবৈধভাবে পুকুর খনন করতে না পারে, সে বিষয়ে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
প্রশাসনের এ অভিযানে স্থানীয়দের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। কৃষিজমি সংরক্ষণ এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধ পুকুর খননের বিরুদ্ধে নিয়মিত নজরদারি ও আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।