বিশেষ প্রতিবেদন :
টেক্সটাইল শিল্পে ভূ-গর্ভস্থ পানির পরিবর্তে ভূ-উপরিস্থ পানির ব্যবহার বৃদ্ধি করার উপর গুরুত্বারোপ করে এর বিকল্প উদ্ভাবন করার আহ্বান জানান পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, এমপি।
বৃহস্পতিবার (৮ অক্টোবর ) রাজধানীর তেজগাঁও এ বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে বুটেক্স-আইটিইটি ডাই-ক্যাম এক্সপো-২০২৬ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
পানিসম্পদমন্ত্রী বলেন, টেক্সটাইল শিল্পে পানির ব্যাবহার অত্যাধিক। ভূ-গর্ভস্থ পানির স্তর দিন দিন কমে যাচ্ছে। তাই আমাদের ভূ-গর্ভস্থ পানির পরিবর্তে ভূ-উপরিস্থ পানির ব্যবহার বৃদ্ধি করার উপর গুরুত্ব দিতে হবে। পানির বিকল্প উদ্ভাবন করার আহ্বানও জানান মন্ত্রী।
এসময় বুটেক্স-আইটিইটি ডাই-কেম এক্সপো উদ্ভাবনকে এগিয়ে নেওয়া, শিল্প ও একাডেমিয়ার মধ্যে সহযোগিতা জোরদার করা এবং পরবর্তী প্রজন্মের টেক্সটাইল পেশাজীবীদের অনুপ্রাণিত করার প্রত্যাশা করেন পানিসম্পদমন্ত্রী।
তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান টেক্সটাইল শিল্পের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। বর্তমানে টেক্সটাইল শিল্প বাংলাদেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখছে। টেক্সটাইল বিশ্ববিদ্যালয় শত শত পেশাজীবি তৈরি করছে যাদের চাহিদা দেশ-বিদেশে সব জায়গায় রয়েছে।
মন্ত্রী বলেন, আমাদের টেক্সটাইল শিল্পের অগ্রগতির সঙ্গে সঙ্গে পানি সংরক্ষণ, কার্যকর বর্জ্যপানি শোধন, পুনর্ব্যবহার এবং পরিবেশবান্ধব উৎপাদন পদ্ধতি টেকসই শিল্প উন্নয়নের মূল বিষয় হিসেবে বিবেচিত হওয়া প্রয়োজন।
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মো. জুলহাস উদ্দিন এর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইটিইটি সভাপতি ইঞ্জিনিয়ার এনায়েত হোসেন, আইটিইটি মহাসচিব ইঞ্জিনিয়ার হাফিজুর রহমান। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য দেন প্রফেসর ড. তানিয়া আক্তার, প্রফেসর ড. রাশেদা বেগম প্রমুখ।